শিবচরে বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট
মাদারীপুরের শিবচরে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে ব্যতিক্রমী অভিযান পরিচালনা করেছেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। তিনি বোরকা পরে ক্রেতার ছদ্মবেশে বাজারে প্রবেশ করে নানা অনিয়ম সরাসরি পর্যবেক্ষণ করেছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১২টা ৩০ পর্যন্ত শিবচর পৌর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭টি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে শাইখা সুলতানা বাজারের মাছ, মাংস, মুদি ও ফলের দোকানগুলো ঘুরে ঘুরে দ্রব্যমূল্য অতিরিক্ত নেওয়া, ওজনে কম দেওয়া এবং খাসির মাংস সংক্রান্ত প্রতারণাসহ বিভিন্ন অনিয়ম হাতেনাতে ধরতে সক্ষম হন। এরপর তিনি ছদ্মবেশ ত্যাগ করে সরাসরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে জরিমানা হওয়া ৭টি দোকানের মালিকদের ছাড়াও বাজারের অন্যান্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। শিবচর থানা পুলিশের একটি দলও অভিযানের সময় উপস্থিত থেকে সহায়তা করে।
শাইখা সুলতানা বলেন, “আমি প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করি। বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে পরবর্তীতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”



























