বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ১৮ মার্চ ২০২৬

বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় আহত শতাধিক

বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় আহত শতাধিক
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের বহন করা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের বাগবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নীলফামারীগামী আন্তঃনগর ট্রেনটি দ্রুতগতিতে ঘটনাস্থলের দিকে আসছিল। হঠাৎ বিকট শব্দে ট্রেনের কয়েকটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে চিৎকার করতে থাকেন। দুর্ঘটনার সময় ট্রেনের ছাদেও বিপুলসংখ্যক যাত্রী ছিলেন বলে জানা গেছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে এবং ঈদে বাড়ি ফেরা যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সান্তাহার ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দ্রুত লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।