সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বুধবার (১৮ মার্চ) সকালে এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা।
নিহত মামুন (৩৫) গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের আগে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল হামলা ঘটে। এতে গুরুতর আহত হন মামুন। তাকে পরে আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়।
মামুন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
নিহতের মামাতো ভাই শাওন মোড়ল জানান, বিস্ফোরণে গুরুতর আহত হয়ে মামুন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি একটি পুত্র সন্তানের পিতা ছিলেন।
আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, একই ঘটনায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হয়েছেন। মামুনসহ আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন। হামলায় মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল।



























