বাকপ্রতিবন্ধী ববি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৬
নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১০ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, দেশজুড়ে আলোচিত এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে র্যাব-১১ ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত, গ্রেপ্তারকৃতদের পরিচয়, হামলার পেছনের কারণ এবং অভিযানের বিস্তারিত তুলে ধরবেন র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
উল্লেখ্য, নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।
এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।



























