শনিবার ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:১৮, ১০ জুলাই ২০২৬

ন্যাটো নেতাদের উপহার হিসেবে রিভলভার দিলেন এরদোয়ান

ন্যাটো নেতাদের উপহার হিসেবে রিভলভার দিলেন এরদোয়ান
ছবি: সংগৃহীত

ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে সদস্য দেশগুলোর নেতাদের বিদায়ী উপহার হিসেবে রিভলভার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তবে এই উপহার পেয়ে অনেক নেতাই কিছুটা বিস্মিত হয়েছেন, কারণ রিভলভারের সঙ্গে দেওয়া হয়েছে আসল গুলিও।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে এরদোয়ান প্রত্যেক নেতার হাতে একটি করে বিশেষ সংস্করণের রিভলভার তুলে দেন। এর মাধ্যমে তিনি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা ও সাফল্য তুলে ধরতে চেয়েছেন বলে জানা গেছে।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদার কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, উপহার হিসেবে দেওয়া হয়েছে ‘গুমুসাই .৩৫৭ ম্যাগনাম’ মডেলের একটি রিভলভার। এটি ১৯৯০-এর দশকে তুরস্কের রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেই তৈরি করেছিল। রিভলভারটি একটি কাঠের বাক্সে রাখা ছিল, যেখানে তুরস্কের জাতীয় পতাকা, ন্যাটোর লোগো এবং ইংরেজি ও তুর্কি ভাষায় একটি স্মারক ফলক সংযুক্ত ছিল।

সব নেতাকেই একই ধরনের রিভলভার দেওয়া হয় এবং প্রতিটির গায়ে সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার দেশে ফিরে নিজের লাগেজে রিভলভার ও গুলি দেখতে পেয়ে সেটি ব্রাসেলস বিমানবন্দরের পুলিশের কাছে নিরাপদে সংরক্ষণের জন্য জমা দেন।

পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাভরোৎস্কির এক সহকারী জানিয়েছেন, তাদের পাওয়া রিভলভারটি ওয়ারশ বিমানবন্দরে শুল্ক ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। পরে সেটি নিরাপদ ও সম্মানজনক স্থানে সংরক্ষণ করা হবে।

নেদারল্যান্ডস ও সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তাদের পাওয়া রিভলভার দুটি আঙ্কারায় নিজ নিজ দূতাবাসে রাখা হয়েছে। ডাচ সরকার তাদেরটি অকার্যকর করে ফেলার পরিকল্পনা করেছে, আর সুইডেন আমদানি সংক্রান্ত কাগজপত্র সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য দেওয়া রিভলভারের সঙ্গে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতার কিট এবং ৫০০ রাউন্ড গুলিও ছিল বলে ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানিয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির পাওয়া রিভলভার ইতোমধ্যেই রোমের সরকারি ভবন পালাজ্জো কিজিতে অন্যান্য রাষ্ট্রীয় উপহারের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন জানিয়েছেন, তিনি নিজের রিভলভারটি একটি সামরিক জাদুঘরে দান করার পরিকল্পনা করছেন। অন্যদিকে গ্রিসের প্রধানমন্ত্রীও সেটি এথেন্সের যুদ্ধ জাদুঘরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে তুরস্কের অস্ত্রশিল্প মূলত আধুনিক সেমি-অটোমেটিক পিস্তল তৈরির দিকে বেশি মনোযোগী। ফলে ‘গুমুসাই’ রিভলভার এখন অনেকটা সংগ্রাহকদের জন্য বিশেষ আকর্ষণের বস্তু হিসেবে বিবেচিত হয়।

গত কয়েক বছরে তুলনামূলক কম দামের পিস্তল ও শটগান রপ্তানির মাধ্যমে তুর্কি অস্ত্র নির্মাতারা ইউরোপের বেসামরিক অস্ত্রবাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। এতে ইতালি ও বেলজিয়ামের মতো ঐতিহ্যবাহী অস্ত্র প্রস্তুতকারকদেরও প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে।

জেনেভাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্মল আর্মস সার্ভের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৩ বিলিয়ন ডলারের ছোট অস্ত্র রপ্তানি করে তুরস্ক বিশ্বের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। এই তালিকায় তুরস্কের সামনে রয়েছে শুধু যুক্তরাষ্ট্র ও ইতালি।

জনপ্রিয়