সীতাকুণ্ডে সড়কে ঝরল ২ প্রাণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১২ জন।
রবিবার উপজেলার কুমিরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি বাস সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকুমিরা ইলিয়াছ পেট্রলপাম্প অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে বাসের ১৩ যাত্রী আহত হন। তাদের মধ্যে ৭ জনকে আশঙ্কজনক অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
বাকি ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আহতরা হলেন— রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), তার স্ত্রী সোনিয়া (২৫), অর্পিতা শাহ (২৫) ও মহম্মদ ইউসুফ (৫১)।
এদিকে সকাল ৯টার দিকে কুমিরা বাইপাস এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় ইমন (২০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
তার বাড়ি পিরোজপুর বলে জানা গেছে।
চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত অফিসার ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের কুমিরায় বাস উল্টে আহত হওয়া ৭ জনকে চমেকে নিয়ে আসা হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য ৬ জন চিকিৎসাধীন আছেন।



























