জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, মালয়েশিয়া থেকে প্রচারিত ভিডিও নিয়ে তোলপাড়
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি মালয়েশিয়া থেকে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে প্রকাশ হওয়ায় ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে।
শনিবার (১৮ জুলাই) ভোর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে শনিবার দুপুরে ‘প্রথম আল-সাদিক হৃদয়’ নামের একটি ফেসবুক আইডি থেকে ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি জ্বলন্ত কাপড় স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করছেন। এরপর সেখানে আগুন জ্বলতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি পোস্ট করা আল-সাদিক হৃদয় বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিন থেকে চার মাস আগে স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় যান। বিশ্ববিদ্যালয়জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলেও স্থানীয়রা জানিয়েছেন। তার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে।
ঘটনার পর সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের পাশে পোড়া কাপড় ও ছাই পড়ে রয়েছে। তবে মূল কাঠামোয় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।
জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। তিনি দাবি করেন, এ ধরনের ঘটনার আশঙ্কার কথা আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছিল। তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি প্রতিবাদ হিসেবে সন্ধ্যায় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।



























