এআই অপপ্রচারের বিরুদ্ধে বোদায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ
এআই-নির্ভর ভুয়া ছবি ব্যবহার করে অপপ্রচারের প্রতিবাদে বোদায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ।
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য, মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগের প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) বিকেলে বোদা উপজেলা ও বোদা পৌর যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেলে বোদা ধানহাটি মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা যুবদলের আহ্বায়ক এলাহী কুদরত-ই-আমিন সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান (রিয়েল), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মানু, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক লাইলী বেগম এবং জেলা কৃষকদলের সদস্য সচিব শাহজাহান সিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা অভিযোগ করেন, একটি শিবির-সংশ্লিষ্ট মিডিয়া সেল থেকে এআই প্রযুক্তি ব্যবহার করে আলহাজ ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ছবি ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে। তারা অবিলম্বে ওই ভুয়া কনটেন্ট অপসারণ, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাশাপাশি বক্তারা সতর্ক করে বলেন, ভবিষ্যতেও যদি আলহাজ ফরহাদ হোসেন আজাদকে নিয়ে এ ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অপচেষ্টা করা হয়, তবে তা রাজনৈতিক ও আইনগতভাবে কঠোরভাবে মোকাবিলা করা হবে।



























