মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, কারাগারে জামায়াতের ৩ নেতা
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে দায়ের করা হামলা মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির, সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিরা।
শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো তিনজন হলেন—ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।
আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান তিনজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কাহালগাঁও এলাকায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে দ্রুত বিচার অপরাধ আইনে মামলা করেন ওই গ্রামের আব্দুল কাইয়ুম তালুকদার।
মামলায় ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের ভাইসহ আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় অপর আসামিদের মধ্যে সংসদ সদস্যের ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে মামলাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে তিন জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর আদেশকে কেন্দ্র করে ফুলবাড়িয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ কেউ মামলাটির দ্রুত নিষ্পত্তি এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



























