সোমবার ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩০, ১৬ আগস্ট ২০২৬

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জয়নাল আবেদীন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের পঞ্চগড় সুগার মিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাজোত এলাকার মৃত আসিরউদ্দিনের ছেলে। তিনি পূবালী ব্যাংকের বোদা শাখায় কর্মরত ছিলেন।

নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ি থেকে কর্মস্থল বোদায় যান জয়নাল। পরে দাপ্তরিক কাজে পঞ্চগড় শহরে এসে কাজ শেষে মোটরসাইকেলযোগে আবার বোদার উদ্দেশে রওনা হন। পথে সুগার মিল গেট এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি অটোবাইকের কারণে আকস্মিকভাবে ব্রেক করতে বাধ্য হন তিনি।

এ সময় পেছন দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০৯৮০৯) নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়েন জয়নাল। মুহূর্তের মধ্যেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়