বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
পটুয়াখালীতে ঢাকাগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত এবং কমপক্ষে ১০ আহত হয়েছেন। নিহতরা অটোরিকশার যাত্রী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে জেলার সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—গলাচিপা উপজেলার আমখোলা এলাকার রাজ্জাক পেদার ছেলে কাউয়ুম উদ্দিন (৫০), অনিল মিস্ত্রির মেয়ে শিল্পী রানী (৪০), হরিদেবপুর এলাকার সোবাহানের ছেলে মিরাজ (৩৫) এবং বাউফল উপজেলার বিলবিলাস এলাকার দিয়েন মিস্ত্রির মেয়ে তিথি রানী (২৩)।
পুলিশ ও স্থানীয়রা সূত্র জানায়, বরগুনার তালতলী থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বাসটি। রাত পৌনে ১২টার দিকে ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় পটুয়াখালী ফায়ার সার্ভিস ও পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের যাত্রীদের মধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে অংশ নিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



























