শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুর আইডিয়াল স্কুলে উদ্ভাবনী প্রকল্পে মুগ্ধ দর্শনার্থীরা

দিনাজপুর আইডিয়াল স্কুলে উদ্ভাবনী প্রকল্পে মুগ্ধ দর্শনার্থীরা
ছবিঃ সংবাদ পরিক্রমা

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলে দেয়ালিকা উন্মোচন ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেয়ালিকা উন্মোচন ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর উদ্বোধন করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল কলেজের পরিচালক মাহমুদ হোসেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। তাদের তৈরি মডেল ও গবেষণাধর্মী উপস্থাপনা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। পরিবেশ সংরক্ষণ, প্রযুক্তির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি এবং দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানভিত্তিক নানা প্রকল্প প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি বিজ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তুলবে এবং নতুন উদ্ভাবনের পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

শেষে অতিথিবৃন্দ প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের প্রকল্প সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয়