রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ২০ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে, আহত ১৭

আশুলিয়ায় পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে, আহত ১৭
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় 'প্রীতি গ্রুপ' নামে একটি তৈরি পোশাক কারখানার গ্যাসের গোডাউনে (গ্যাসের গাড়িতে) বিস্ফোরণ থেকে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ওই পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়িগুলো দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় পৌঁছাতে কিছুটা বিলম্ব হলেও, পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হাবিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডে আহত অবস্থায় ১৪ জন বর্তমানে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অপর ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে আগুন পুরোপুরি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে রয়েছে। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডে কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়