ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছেন কার্যালয়ে থাকা কর্মকর্তারা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, লাঠিসোঁটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়। এতে ভবনের সামনের কাচের দেয়াল ও লিফটের চারপাশের ঘেরাও ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অবস্থান নেন।
প্রশাসকের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বলেন, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক ছিলেন। এ কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নিয়েছিলেন। ঘটনার সময় তারাও ভবনে ছিলেন।
তিনি বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
তবে হামলার বিষয়ে মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। সেখান থেকে দু-একটি ইট-পাটকেল ছোড়া হয়ে থাকতে পারে।
পুলিশকে খবর দেওয়া হলেও হামলার বেশিরভাগ ঘটনা ঘটে যাওয়ার পর তারা ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করেন মামুন পাটোয়ারী।
তার দাবি, হামলার মূল লক্ষ্য ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন। ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় প্রশাসকের কার্যালয়ে বেশি ভাঙচুর চালানো হয়েছে। এমনকি ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টি হামলার পেছনে কারণ হতে পারে বলেও মনে করেন তিনি।
শ্রমিক অসন্তোষের মধ্যেই হামলা
এদিকে একই দিন সকালে রাজধানীর কাফরুল এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার এম/১৬ ঠিকানায় অবস্থিত লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে তাদের কারখানা থেকে বের করে নিয়ে আসেন।
এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সার্বিক পরিস্থিতি নিয়ে উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, বেশ কিছু শ্রমিক রাস্তায় নেমেছিলেন। পুলিশ তাদের ধাওয়া দিলে তারা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। একপর্যায়ে সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়।



























