নিরাপত্তা শঙ্কায় খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন খুলনা-ঢাকা রুটের যাত্রীরা। অনেকেই বাস টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিবহন মালিকরা।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, গোপালগঞ্জের ওপর দিয়ে পদ্মা বহুমুখী সেতু হয়ে চলাচলকারী খুলনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।



























