বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৩২, ১৮ নভেম্বর ২০২৬

ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
ছবিঃ প্রতিনিধি

পাবনা জেলার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (আইজিপি পদকপ্রাপ্ত) মো. মনজুরুল হাসান মাসুদ আগস্ট মাসে পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে রাজশাহী রেঞ্জ ডিআইজি আশরাফ আলী পাবনা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বিভিন্ন শ্রেণির অপরাধ দমনে ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ভালো কাজের ফলস্বরূপ এই অর্জন এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মাত্র দেড় মাসের ব্যবধানে পাবনার ফরিদপুর উপজেলা অপরাধীদের জন্য আতঙ্কের জনপদে পরিণত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গত ২৯ আগস্ট ফরিদপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে একগুচ্ছ বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণ মানুষের মধ্যে আইনি সুরক্ষার আস্থা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হয় একের পর এক ঝটিকা ও নিবিড় অভিযান।

২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ ভিকটিম উদ্ধার

গত ২৪ সেপ্টেম্বর উত্তর থানা পাড়ার মো. জিন্নাত ফকিরের মেয়ে মোছা. জিয়াসমিন খাতুন নিখোঁজ হলে থানায় একটি জিডি (নং-১৫৬০) দায়ের করা হয়। ওসির প্রত্যক্ষ তদারকিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ২৫ সেপ্টেম্বর নিখোঁজ ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্বজনদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।

চর এলাকায় সর্বহারা দমনে সাঁড়াশি অভিযান, তাজা গুলি ও অস্ত্র জব্দ

ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের দুর্গম অঞ্চলে সর্বহারা নকশাল (লাল পতাকা) বাহিনীর ক্যাডাররা রাতের আঁধারে গুলিবর্ষণ, চাঁদাবাজি ও জলাশয় দখলের চেষ্টা চালাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর রাতে কুচলিয়া গ্রামে ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ১৫ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি, ১টি চাপাতি, ১টি রামদা ও ৩টি ধারালো দা উদ্ধার করা হয়।

সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত শীর্ষ অপরাধীদের সাঁড়াশি অভিযান

গত ৬ অক্টোবর চালানো বিশেষ অভিযানে ডেমড়া ও রতনপুর এলাকার সিআর পরোয়ানাভুক্ত চার আসামি—শাহ আলম, মিলন হোসেন, মাসুদ রানা ও চাঁদ আলীকে গ্রেফতার করা হয়। এর আগে ২৭ সেপ্টেম্বর ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশন মল্লিককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

মাদক ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স

গত ১ অক্টোবর ২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। ৫ অক্টোবর ১ পুরিয়া গাঁজাসহ আটক মোমিন প্রাংকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চুরির মামলার এজাহারনামীয় আসামি মজিবর রহমান ও এমডি সাগরসহ একাধিক অপরাধীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।

সার্বিক বিষয়ে ওসি মো. মনজুরুল হাসান মাসুদ বলেন, “অপরাধী যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ফরিদপুর থানাকে সম্পূর্ণ অপরাধমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

জনপ্রিয়