বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম গ্রেপ্তার
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও মামলার অন্যতম আসামি খাইরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। খাইরুল ইসলাম দুপচাঁচিয়া উপজেলার একটি ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
বুধবার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজমিলুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন খাইরুল ইসলাম। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।



























