বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:০৪, ১৮ নভেম্বর ২০২৬

ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের গাড়ি চুরির ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্য গাড়িটি রেখে পাশেই একটি হোটেলে দুপুরের খাবার খান।

খাবার খেয়ে ফিরে এসে দেখেন, গাড়িটি আর সেখানে নেই। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পিকআপে উঠে সেটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের গাড়ি প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া পিকআপ উদ্ধারে ইতোমধ্যে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টাও চলছে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র বলছে, হালিশহর থানার পুরোনো সিঙ্গেল ডেকার একটি পিকআপ ভ্যান নিয়ে টহল ডিউটিতে বের হয়েছিলেন তিন পুলিশ সদস্য। একপর্যায়ে তারা দুপুরের খাবার খেতে একটি হোটেলে যান। এ সময় পিকআপটি সড়কের পাশে রেখে যান তারা। পুলিশের ধারণা, সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে গাড়িটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্ত।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পিকআপে উঠে দ্রুত সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি গাড়িতে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।’

ঘটনার বিষয়ে জানতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

জনপ্রিয়