সিএমএম আদালতে আইনজীবীর ওপর হামলার নিন্দা ও নিরপেক্ষ তদন্তের দাবি
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আইনজীবী অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলা, মারধর ও গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পেশাজীবী মানবাধিকার পরিষদ।
বুধবার (১৮ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, কো-আহ্বায়ক অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান ও সদস্য-সচিব এম এম মিজানুর রহমান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, গত ১৭ নভেম্বর সিএমএম আদালতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আইনজীবী এবং পেশাজীবী মানবাধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেও হামলাকারীরা থামেনি বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।
এতে আরও বলা হয়, পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। পুলিশ পাহারায় মিডফোর্ড হাসপাতালে নেওয়া হলেও প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ না দিয়ে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা।
তাঁদের দাবি, বিচারিক আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীর ওপর এ ধরনের হামলা ও শারীরিক নির্যাতন দেশের প্রচলিত আইন, মানবাধিকার এবং বিচার বিভাগের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরও আইনগত অধিকার ও শারীরিক নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। তাঁর আইনজীবীর ওপর হামলা বিচারব্যবস্থা ও নিরাপত্তার জন্য হুমকি।
বিবৃতিতে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি আদালত প্রাঙ্গণে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা বা দায়িত্বে অবহেলার অভিযোগও খতিয়ে দেখার আহ্বান জানানো হয়।
এ ছাড়া আটক বা বিচারাধীন প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার, যথাযথ আইনি প্রক্রিয়া ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা।



























