সয়াবিন তেলের দাম বাড়তেই বাজারে সরবরাহ স্বাভাবিক
রাজধানীর বাজারে কয়েক মাস ধরে চলা সয়াবিন তেলের সংকট হঠাৎ করেই কেটে যেতে শুরু করেছে। দাম বৃদ্ধির পরই বাজারে আবার তেলের সরবরাহ বেড়ে যাওয়ায় এ নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা ও প্রশ্ন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আগে যেখানে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না, এখন সেখানে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বোতলজাত এক, দুই ও পাঁচ লিটারের তেল সহজেই মিলছে। পাশাপাশি বিভিন্ন সুপারশপেও আবার দেখা গেছে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল।
রাজধানীর বনশ্রীর মেরাদিয়া বাজারের একাধিক ব্যবসায়ী জানান, কয়েকদিন আগেও তাদের দোকানে তেল ছিল না। কিন্তু হঠাৎ করেই সরবরাহ শুরু হয়েছে। তারা বলছেন, নিজেরা কোনো তেল মজুত করেননি; বড় ব্যবসায়ীদের কাছ থেকেই এখন পণ্য আসছে।
এক দোকানদার বলেন, “আজ থেকেই ব্র্যান্ডের তেল আসতে শুরু করেছে। আগে না পেয়ে নন-ব্র্যান্ডের তেল বিক্রি করতে হয়েছে।”
আরেক ব্যবসায়ী জানান, “দাম বাড়ার পরই তেল আসা শুরু হয়েছে। আগে বাজারে পাওয়া যাচ্ছিল না।”
ক্রেতাদের মধ্যেও এ নিয়ে ক্ষোভ দেখা গেছে। এক ক্রেতা অভিযোগ করেন, সংকটের সময় নিম্নমানের তেল সয়াবিন হিসেবে বিক্রি করা হয়েছে। রান্নার সময় সেটি পাম অয়েলের মতো আচরণ করেছে বলে জানান তিনি।
অন্য এক ক্রেতার ভাষ্য, “দাম বাড়ানোর জন্যই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। দাম বাড়ার পর রাতারাতি বাজারে তেল চলে এসেছে।”
রামপুরা, মালিবাগ, মগবাজার, শান্তিনগর, হাতিরপুল, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, বাড্ডা, বসুন্ধরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে সয়াবিন তেলের কোনো সংকট নেই।
এদিকে সরকার সম্প্রতি সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়েছে। সচিবালয়ে এক বৈঠক শেষে এ ঘোষণা দেন খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা এবং খোলা তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
দাম বৃদ্ধির পরপরই বাজারে সরবরাহ স্বাভাবিক হয়ে যাওয়ায় এ বিষয়ে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।



























