কয়েক দফা কমার পর স্বর্ণের দামে বড় লাফ
কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে। সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা থেকে বেড়ে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।



























