বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ২৫ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে আরো কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আরো কমল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশ কমেছে। একই সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতুর দামও নিম্নমুখী হয়েছে।

এদিন বাংলাদেশ সময় বেলা ১টা ৮ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ শতাংশ কমে ৩ হাজার ৫১৯ দশমিক ৯৪ ডলারে দাঁড়ায়। এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) স্বর্ণের দাম গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৯ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে ব্যাপক বিক্রির চাপ এবং ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা।

এ বিষয়ে এএনজেডের বিশ্লেষক সোনি কুমারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শেয়ারবাজারে ব্যাপক বিক্রির চাপের কারণেই সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম কমেছে। মার্জিন কল পরিশোধ করতে বিনিয়োগকারীদের নগদ অর্থের প্রয়োজন হওয়ায় তারা স্বর্ণ বিক্রি করেছেন। এর পাশাপাশি মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানও স্বর্ণের বাজারের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৪০ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ কমে হয়েছে ১ হাজার ২৬০ দশমিক ৩২ ডলার। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৮৫০ দশমিক ৪৫ ডলারে নেমেছে।

অন্যদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

সম্পর্কিত বিষয়: