মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০১, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এখনো কাটেনি। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। ফলে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম।

গ্রিনিচ মান সময় মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনে আন্তর্জাতিক বাজারের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়েছে। এতে ব্রেন্টের প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৯১ ডলার।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ঊর্ধ্বমুখী ছিল। প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৩২ ডলারে উঠেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধকে ঘিরে অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বাজারে দাম বাড়ার অন্যতম কারণ হয়ে উঠেছে।

সাম্প্রতিক সময়ে অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রপ্তানির পরিমাণ ধীরে ধীরে বাড়ার কিছু লক্ষণ দেখা গেলেও সরবরাহ পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ পুরোপুরি দূর হয়নি। সংঘাতের গতিপ্রকৃতি এবং এর প্রভাবের দিকে নজর রাখছেন তারা।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। এতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি সরবরাহ ব্যবস্থায়ও এর প্রভাব আরও স্পষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

জনপ্রিয়