বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ৮ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল

বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এরই মধ্যে বিশ্ববাজারের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়ে গেছে। একই পথে বেড়েছে যুক্তরাষ্ট্রের বাজারের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম আগের দামের তুলনায় ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে দাঁড়ায়।

একই সময়ে ডব্লিউটিআইয়ের দামও ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৩৯ ডলারে লেনদেন হচ্ছিল।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে সরবরাহ নির্বিঘ্ন থাকবে কি না, সেটিই বর্তমানে তেলের দামের ওপর বড় প্রভাব ফেলছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য বিভিন্ন দেশে সরবরাহ করা হয়। ফলে এ অঞ্চলে উত্তেজনা বাড়লে কিংবা জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, সরবরাহে সম্ভাব্য সংকটের আশঙ্কায় বিনিয়োগকারীরা আগে থেকেই সতর্ক হয়ে উঠেছেন। এতে অপরিশোধিত তেল কেনার চাপ বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারের দামে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হলে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ার পাশাপাশি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: আল জাজিরা

জনপ্রিয়