রোববার ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

সপ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৭, ২২ নভেম্বর ২০২৬

দুই লাখের নিচে নামল স্বর্ণের দাম

দুই লাখের নিচে নামল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের পতন হয়েছে। টানা কয়েক দফা দরপতনের ধারাবাহিকতায় এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। নতুন সিদ্ধান্তে প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৫ হাজার ৮৯০ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২০ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস। একই সময়ে ২১ ক্যারেটের দাম কমে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা হয়েছিল।

এ নিয়ে গত ৬ নভেম্বর থেকে আট দফায় স্বর্ণের দাম কমাল বাজুস। আট দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমেছে। এর মধ্যে ২০ নভেম্বরের আগে ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ ও ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা করে, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ ও ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা করে দাম কমানো হয়েছিল।

অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

জনপ্রিয়