সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি ও শাস্তির হুমকি? তেজগাঁও কলেজ অধ্যক্ষের নোটিশে ক্ষোভ
তেজগাঁও কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত একটি নোটিশকে কেন্দ্র করে শিক্ষক-কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নোটিশে WhatsApp, Facebook Messenger, Telegram, X (Twitter), IMO, Viberসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত গ্রুপ বন্ধ করার নির্দেশ পুনর্ব্যক্ত করা হয়েছে এবং নির্দেশ অমান্য করলে গ্রুপ অ্যাডমিনদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নোটিশে দাবি করা হয়েছে, এসব গ্রুপে সহকর্মী ও কলেজের অভ্যন্তরীণ বিষয় নিয়ে "অযাচিত লিখালিখির" কারণে কলেজের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তবে শিক্ষক-কর্মচারীদের একটি অংশের প্রশ্ন, প্রতিষ্ঠানের সুনাম রক্ষার নামে মতপ্রকাশ ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্র সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে কি না।
সমালোচকদের ভাষ্য, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত বা অনানুষ্ঠানিক যোগাযোগমাধ্যমের গ্রুপ বন্ধে প্রশাসনিক চাপ প্রয়োগের ঘটনা নজিরবিহীন। তাদের মতে, এটি কেবল একটি প্রশাসনিক নির্দেশ নয়; বরং ভিন্নমত, সমালোচনা ও অভ্যন্তরীণ অসন্তোষ প্রকাশের পথ রুদ্ধ করার প্রচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে।
একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কলেজের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, অনিয়ম কিংবা কর্মপরিবেশ নিয়ে আলোচনা অনেক সময় এসব গ্রুপেই হয়ে থাকে। ফলে গ্রুপ বন্ধের নির্দেশকে তারা "নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ" হিসেবে দেখছেন।
প্রশ্ন উঠেছে, কলেজ প্রশাসন কীভাবে এসব ব্যক্তিগত বা আধা-ব্যক্তিগত অনলাইন গ্রুপের অস্তিত্ব শনাক্ত করবে এবং কোন আইনি বা প্রশাসনিক ক্ষমতাবলে গ্রুপ অ্যাডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এ বিষয়ে নোটিশে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত আলোচনা ও মতবিনিময়ের পরিবেশ নিশ্চিত করার পরিবর্তে ভয়ভীতি ও শাস্তির সংস্কৃতি প্রতিষ্ঠার অভিযোগ উঠলে তা প্রতিষ্ঠানটির ভাবমূর্তির জন্যও ইতিবাচক বার্তা বহন করে না।
তবে কলেজ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানের শৃঙ্খলা, কর্মপরিবেশ এবং সুনাম রক্ষার স্বার্থেই এ নির্দেশনা জারি করা হয়েছে।
নোটিশটি ইতোমধ্যে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে প্রশাসনিক কর্তৃত্বের অতিরিক্ত প্রয়োগ বলে আখ্যায়িত করলেও, এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।



























