মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫২, ২৯ জুন ২০২৬

আর্জেন্টাইন ভক্তের তুলির আঁচড়ে যবিপ্রবির দেয়ালে নেইমার জুনিয়র

আর্জেন্টাইন ভক্তের তুলির আঁচড়ে যবিপ্রবির দেয়ালে নেইমার জুনিয়র
ছবি: প্রতিনিধি

ফুটবল মানেই দুই চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনা আর ব্রাজিলের চিরন্তন দ্বৈরথ। তবে মাঠের এই বৈরিতা যে মাঠের বাইরে এক অনন্য সৌহার্দ্য আর শিল্পের রূপ নিতে পারে, তার এক দারুণ দৃষ্টান্ত দেখাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাস। কিছুদিন আগেই যেখানে লিওনেল মেসির প্রতিচ্ছবিতে সেজেছিল ক্যাম্পাসের দেয়াল, এবার ঠিক তার পাশেই রঙ-তুলির আঁচড়ে প্রাণ পেলেন সেলেসাওদের প্রাণভ্রমরা নেইমার জুনিয়র।

তবে এই দেয়ালচিত্রের সবচেয়ে ব্যতিক্রমী দিক হলো, নেইমারের ছবিটি এঁকেছেন একজন আর্জেন্টিনা সমর্থক। আর পুরো উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের যৌথ অর্থায়নে। ফলে প্রতিদ্বন্দ্বিতার জায়গা ছাড়িয়ে ফুটবল এখানে হয়ে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।

এই ব্যতিক্রমী উদ্যোগের ব্যাপারে ব্রাজিল ভক্ত ও ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাশফি চৌধুরী বলেন,"ক্যাম্পাসের দেয়ালে শুধু মেসির ছবি দেখে একজন ব্রাজিল ভক্ত হিসেবে শূন্যতা অনুভব করছিলাম। সব ব্রাজিল সমর্থকের আবেগের জায়গা থেকে এবং প্রিয় তারকার সাথে ছবি তোলার সুযোগ করে দিতেই আমাদের এই উদ্যোগ। সবার সহযোগিতায় মাত্র পাঁচ দিনেই আমরা কাজটি শেষ করি, যা আমাদের হেক্সা মিশনের স্বপ্নেরই প্রতিফলন। বিশেষ কৃতজ্ঞতা আমার বন্ধু রাহিমকে, যে আর্জেন্টিনার সমর্থক হয়েও এত সুন্দরভাবে নেইমারকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছে।"

পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী আব্দুর রাহিম, যিনি আগের মেসির ছবিটিও এঁকেছিলেন। একজন আর্জেন্টাইন ফ্যান হয়ে কেন ব্রাজিলের নেইমারের ছবি আঁকলেন, জানতে চাইলে রাহিম বলেন,  "আমি মূলত একজন শিল্পপ্রেমী, আর শিল্প কোনো বিভেদ বোঝে না। আমি চেয়েছি ফুটবলের এই উৎসবে কোনো বৈথম্য না থাকুক। সেই ভাবনা থেকেই এক দেয়ালে যেমন মেসির ছবি এঁকেছি, তেমনি চেয়েছি অন্য দেয়ালটি জুড়ে থাকুক নেইমারের নান্দনিক রূপ। ক্যাম্পাসের বড় ভাই, ব্যাচমেট ও অনুজদের অনেকেই ব্রাজিলের কট্টর ভক্ত। তাঁদের সেই নিখাদ আবেগকে সম্মান জানাতেই একজন আর্জেন্টাইন হয়েও আমি তুলি হাতে নিয়েছি। আর সত্যি বলতে, নেইমার একজন অসাধারণ ফুটবল জাদুকর, যাঁর খেলাকে ভালোবাসতে বাধ্য যেকোনো ফুটবলপ্রেমী।"

ক্যাম্পাসজুড়ে ইতোমধ্যে দেয়ালচিত্র দুটি শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন অনেকেই সেখানে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

মাঠের লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকুক, আর ক্যাম্পাসে থাকুক পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য যবিপ্রবির এই ব্যতিক্রমী দেয়ালচিত্র যেন সেই বার্তাই বহন করছে। ফুটবল যে কেবল প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং মানুষে মানুষে বন্ধন তৈরিরও একটি শক্তিশালী মাধ্যম, তারই এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে যবিপ্রবির ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের এই উদ্যোগ।

জনপ্রিয়