বাড়ছে আরও দুই উপজেলা ও এক থানা
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২৩তম সভা আগামী বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এ সভা।
রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা সভার নোটিশ থেকে এ তথ্য পাওয়া গেছে।
সভায় মোট ছয়টি প্রস্তাব আলোচনার জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন ‘হালদা থানা’ প্রতিষ্ঠা, ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা প্রতিষ্ঠার প্রস্তাব।
এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্তপূর্বক ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা পুনর্গঠন। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত পাগলা থানাধীন ৮টি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামক নতুন উপজেলা গঠন।
সভায় আরও একটি প্রস্তাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগ পুনর্গঠনের বিষয়টি আলোচনা হবে— উল্লেখ করা হয় নোটিশে।
সভায় উপস্থিতি, কার্যপত্র প্রেরণ ও অনলাইনে অংশগ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাও উল্লেখ করা হয়েছে নোটিশে।
এর আগে ৭ মে নিকার ১২০তম বৈঠকে কক্সবাজারে নতুন উপজেলা হিসেবে ‘মাতামুহুরি’ অনুমোদন দেওয়া হয়।
সূত্র: আগামীর সময়



























