বিশ্বকাপ উন্মাদনায় যবিপ্রবির দেয়ালে রোনালদোর গ্রাফিতি
ফিফা বিশ্বকাপ-২০২৬কে ঘিরে বিশ্বজুড়ে বইছে ফুটবল উন্মাদনা। সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসেও। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একটি দেয়ালে আঁকা হয়েছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দৃষ্টিনন্দন একটি গ্রাফিতি। রোনালদোর বিখ্যাত ‘সিউউউ’ উদযাপনের ভঙ্গিতে আঁকা এই দেয়ালচিত্রটি ইতোমধ্যেই শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এর আগে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের গ্রাফিতি আঁকা হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় যুক্ত হলো রোনালদোর প্রতিকৃতি। ফলে বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেম, শিল্পচর্চা ও শিক্ষার্থীদের সৃজনশীলতার এক অনন্য সমন্বয় তৈরি হয়েছে ক্যাম্পাসজুড়ে।
গ্রাফিতিটি একেছেন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (PESS) বিভাগের সিমান্ত বিশ্বাস ও আঞমং মারমা, ম্যানেজমেন্ট বিভাগের ভূমি পোদ্দার দিয়া এবং সিইএসসি বিভাগের বিকাশ রাউত। পরিকল্পনা, নকশা নির্বাচন, রঙের সমন্বয় এবং দীর্ঘ সময়ের পরিশ্রমে তারা একটি সাধারণ দেয়ালকে রূপ দিয়েছেন দৃষ্টিনন্দন শিল্পকর্মে।
বিশ্বকাপ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ফুটবল নিয়ে আলোচনা, প্রিয় দল ও খেলোয়াড়কে ঘিরে নানা আয়োজনের পাশাপাশি এই গ্রাফিতি শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করেছে। প্রতিদিন অনেক শিক্ষার্থী দেয়ালচিত্রটির সামনে ছবি তুলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন এবং শিল্পীদের প্রশংসা করছেন। অনেকের মতে, এটি শুধু একটি দেয়ালচিত্র নয়; বরং বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন ও শিক্ষার্থীদের সৃজনশীলতার অনন্য প্রকাশ।
এ উদ্যোগ সম্পর্কে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও রোনালদো ভক্ত সিমান্ত বিশ্বাস বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু একজন বিশ্বমানের ফুটবলার নন, তিনি কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের প্রতীক। আমাদের এই গ্রাফিতির মাধ্যমে আমরা তরুণদের অনুপ্রাণিত করতে এবং ক্যাম্পাসে একটি স্থায়ী শিল্পকর্ম উপহার দিতে চেয়েছি। এই শিল্পকর্মের পেছনে ছিল দীর্ঘ সময়ের শ্রম, ধৈর্য ও নিখুঁত দলগত সমন্বয়। কড়া রোদ কিংবা ক্লান্তি কোনো বাধাই আমাদের থামাতে পারেনি।
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ভূমি পোদ্দার দিয়া বলেন, এই কাজটি সম্পন্ন করতে আমাদের অনেক সময়, ধৈর্য ও দলগত সমন্বয় প্রয়োজন হয়েছে। শুরু থেকেই আমরা চেয়েছিলাম এমন একটি গ্রাফিতি তৈরি করতে, যা শিক্ষার্থীদের ভালো লাগবে এবং বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যও বাড়াবে। শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা তাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।
মেসি, নেইমার ও রোনালদোর গ্রাফিতিতে সজ্জিত যবিপ্রবি ক্যাম্পাস এখন শুধু ফুটবলপ্রেমের নয়, শিল্পচর্চা ও শিক্ষার্থীদের সৃজনশীল প্রকাশেরও এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। বিশ্বকাপের এই উন্মাদনার সময়ে দেয়ালচিত্রগুলো ক্যাম্পাসে এনে দিয়েছে ভিন্নমাত্রার নান্দনিকতা ও প্রাণচাঞ্চল্য।



























