বিশ্বের সাথে তাল মেলাতে ডিজিটাল কোলাবোরেশন ও দক্ষ যোগাযোগের বিকল্প নেই : বেরোবি উপাচার্য
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর -এর "Training on Digital Collaboration, Communication and Wikipedia Workshop" শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| আজ সোমবার (১৩ জুলাই ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় ‘স্কলারশিপ সাপোর্ট অফিস’-এর উদ্যোগে এবং কিক (kiK), জিআইজেড (GIZ) ও উইকিমিডিয়া বাংলাদেশ-এর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজামান এবং সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান|
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বৈশ্বিক নাগরিকদের সাথে তাল মিলিয়ে চলতে হলে ডিজিটাল কোলাবোরেশন ও দক্ষ যোগাযোগের কোনো বিকল্প নেই| মুক্ত তথ্যকোষ হিসেবে উইকিপিডিয়ার অবদান অনস্বীকার্য। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তথ্য আদান-প্রদান এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের দক্ষতার বিকাশ ঘটাতে হবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও গবেষণায় অনন্য ভূমিকা রাখবে|
প্রশিক্ষণ কর্মশালাটিতে মূল বক্তা হিসেবে সেশন পরিচালনা করেন উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য শাবাব মুস্তফা, বাংলা উইকিপিডিয়ার অ্যাডমিন মাসুম আল হাসান রকি এবং উইকিমিডিয়া স্টুয়ার্ড মুহাম্মদ ইয়াহইয়া| অনুষ্ঠানটি সঞ্চালনা ও মডারেশন করেন স্কলারশিপ সাপোর্ট অফিসের মেন্টর ও ম্যানেজার মোঃ মাহমুদ রেজা| দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন এবং ডিজিটাল যোগাযোগ ও উইকিপিডিয়ায় তথ্য যুক্ত করার ব্যবহারিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন|



























