ঢাবির খেলার মাঠে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে দীর্ঘদিন ধরে জমে থাকা বৃষ্টির পানির প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
মাঠের জলাবদ্ধতার বিষয়টি প্রতীকীভাবে তুলে ধরতে সোমবার (১৩ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রীয় খেলার মাঠে দেশীয় মাছ অবমুক্ত করা হবে।
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় খেলার মাঠে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে এবং দীর্ঘ সময়েও তা নিষ্কাশন হয় না। ফলে মাঠে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, মাঠের জলাবদ্ধতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রতীকী প্রতিবাদ হিসেবে সেখানে দেশীয় মাছ অবমুক্ত করার কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচিতে ডাকসু ও বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বাজেট সংকটের কথা বলা হলেও কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত মাঠ সংস্কারে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
এ কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের জলাবদ্ধতা সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।



























