শাহজালালে চার ফ্লাইটে মিলল ৪২ লাখ টাকার স্বর্ণ-ওষুধ-সিগারেট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে চারটি আন্তর্জাতিক ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় ৪২ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের স্বর্ণ, আমদানিনিষিদ্ধ ক্রিম-সিরাম, বিদেশি মদ, সিগারেট ও ওষুধ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শনিবার (১৫ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
সিআইআইডি জানায়, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল-১৮৯ ফ্লাইটে কলম্বো থেকে আসা যাত্রী মো. পারভেজকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। পরে তার ব্যবহৃত ট্রলির বিশেষভাবে তৈরি গোপন স্থানে লুকানো ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। একই সঙ্গে তার লাগেজ থেকে ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণ ও ওষুধের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
পৃথক অভিযানে এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে আগত যাত্রী জনি মিয়ার ব্যাগেজ থেকে ৬ লিটার গ্রান্টস ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এদিকে এমিরেটসের ইকে-০৫৮৬ ফ্লাইটে আসা যাত্রী মো. মিজানুর রহমানের ব্যাগেজ তল্লাশি করে ২৯ কার্টুন সিগারেট ও ৭০৮ পিস পাকিস্তানি হোয়াইটেনিং সিরাম উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৯ হাজার টাকা।
অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩১৬ ফ্লাইটে আগত যাত্রী সুমা বেগমের কাছ থেকে ৩০ কেজি আমদানিনিষিদ্ধ গৌরি ক্রিম জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
সিআইআইডি জানিয়েছে, দিনের চারটি অভিযানে মোট ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, ৫১ কার্টুন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।



























