যবিপ্রবিতে মুন্সী মেহেরুল্লাহ হলে অন্তঃহল ক্রীড়া সপ্তাহ শুরু
'সুস্থ দেহে সুস্থ মন' এ স্লোগানকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলের উদ্যোগে ‘অন্তঃহল ক্রীড়া সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যে এই খেলাধুলার আয়োজন করা হয়।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় হলের ডাইনিং রুমে এই ক্রীড়া সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘অন্তঃহল ক্রীড়া সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আব্দুর রউফ সরকার।
এবারের ‘অন্তঃহল ক্রীড়া সপ্তাহ ২০২৬’-এ মুন্সী মেহেরুল্লাহ হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে গেমস রুম, কেন্দ্রীয় খেলার মাঠ ও জিমনেসিয়ামে ক্যারম , দাবা, টেবিল টেনিস, ক্রিকেটও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, "হল জীবন বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম সুন্দর ও রঙিন সময়। হল জীবনে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও আনন্দঘন কার্যক্রমে অংশগ্রহণ করে। মা-বাবা যে উদ্দেশ্যে সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য পূরণে শিক্ষার্থীদের পড়াশোনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। জয়ে উল্লাস করতে হবে, আবার পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী প্রতিযোগিতার জন্য নতুনভাবে প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, হলের যেকোনো সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “আমরা জয়লাভের চেয়ে পরাজয় থেকেই অনেক বেশি শিক্ষা নিতে পারি। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেলাধুলায় যবিপ্রবি অন্যতম। আমি এই বিশ্ববিদ্যালয়ে আসতে পেরে আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্পদ আমরা সঠিকভাবে কাজে লাগাতে চাই। এর মাধ্যমে যবিপ্রবিকে বাংলাদেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা যবিপ্রবিকে আরও এগিয়ে নিতে চাই, যেন প্রত্যেকে মাথা উঁচু করে বলতে পারে।"
অনুষ্ঠানের বক্তব্য পর্ব শেষে প্রধান অতিথি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানসহ উপস্থিত অতিথিরা হলের চতুর্থ তলায় গেমস রুমে ফিতা কাটা ও খেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে অন্তঃহল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আব্দুর রউফ সরকার বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের বিশ্ববিদ্যালয়ের তিনজন অভিভাবকের মধ্যে দুইজন আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা সব সময় আবাসিক শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করি। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল রাখে এবং পড়াশোনায় মনোযোগী করে। শিক্ষার্থীরা যাতে খেলাধুলায় অংশগ্রহণ করে শরীরকে সুস্থ রাখতে পারে এবং গবেষণায় মনোনিবেশ করে বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে পারে তার জন্যই আজকের আয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হামিদুর রহমান, মুন্সী মেহেরুল্লাহ হলের সহকারী প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও হলের আবাসিক শিক্ষার্থীরা।



























