রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৫, ২০ সেপ্টেম্বর ২০২৬

রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ লোহিত সাগর উপকূলের কয়েকটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সৌদি কর্তৃপক্ষ বলছে, রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, শনিবার রিয়াদের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে সেটি শনাক্ত করে প্রতিহত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ওই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

এর আগে শনিবার সৌদি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংক থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এ ঘটনার প্রভাবে কিছু সময়ের জন্য বিমান চলাচল ব্যাহত হয়। তবে ধোঁয়ার উৎপত্তিস্থল এবং এর সঙ্গে হুথিদের হামলার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

হুথিদের হামলার মাত্রা বাড়তে থাকার মধ্যে শনিবার প্রথমবারের মতো রিয়াদে বিমান হামলার সতর্কসংকেত বা সাইরেনও বেজে ওঠে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই থেকে সৌদি আরবে হুথিদের হামলার ঘটনা বেড়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল এবং অন্যান্য ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ইরান-সমর্থিত হুথিরা বেসামরিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। সামরিক সংঘাত দ্রুত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ওই অঞ্চলে কিংবা অঞ্চলটির মধ্য দিয়ে ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের তা গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র জানিয়েছেন, বিশ, তাইফ, ফারাসান ও ইয়ানবু শহরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো ‘শত্রুতামূলক হামলার চেষ্টা’ও সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়