রোববার ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৯, ২৫ জুলাই ২০২৬

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ
ছবি: সংগৃহীত

নতুন সাজে প্রিয় তারকাকে দেখতে বরাবরই আগ্রহী থাকেন ভক্তরা। আর সেই আগ্রহে এবার যেন আরও একটু মুগ্ধতার রং ছড়ালেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। টকটকে লাল শাড়ি, কপালে লাল টিপ আর মুখজুড়ে ঝলমলে হাসিতে একগুচ্ছ ছবিতে ধরা দিয়ে অনুরাগীদের হৃদয়ে ঝড় তুলেছেন সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে নান্দনিক সোনালি কাজের লাল শাড়ি পরা বেশ কিছু ছবি শেয়ার করেছেন তটিনী। শাড়ির সঙ্গে লাল ব্লাউজ, হাতে লাল চুড়ি, গলায় মানানসই অলংকার আর চুলে খোঁপা—সব মিলিয়ে বাঙালি সাজে দারুণ মায়াবী লাগছিল তাকে।

ইনডোর লোকেশনে তোলা ছবিগুলোতে কখনো মৃদু হাসিতে, কখনো চোখ নামিয়ে আবার কখনো কানের কাছে হাত রেখে মিষ্টি ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। প্রতিটি ছবিতেই তার স্নিগ্ধ উপস্থিতি আর নান্দনিক অভিব্যক্তি নজর কেড়েছে ভক্তদের।

ছবিগুলোর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘ভালোবেসে সখী’ গানটি জুড়ে দিয়েছেন তটিনী। সেই গানেরই একটি পঙ্‌ক্তি টেনে ক্যাপশনে লিখেছেন, ‘আমার নামটি লিখো—তোমার মনের মন্দিরে।’

অভিনেত্রীর এমন মিষ্টি আকুতি, সঙ্গে চোখজুড়ানো রূপ—সব মিলিয়ে পোস্টটি প্রকাশের পরই মুগ্ধতা ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। লাইক, কমেন্ট আর শেয়ারে ভরে উঠেছে পোস্টের কমেন্ট বক্স।

তটিনীর রূপ আর ক্যাপশনের সঙ্গে মিল রেখে অনুরাগীরাও মন্তব্য করেছেন কাব্যিক ভঙ্গিতে। অনেকেই রবীন্দ্রনাথের গানের কলি ধার করে লিখেছেন, ‘আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো।’

সাম্প্রতিক সময়ে সাবলীল অভিনয় ও স্নিগ্ধ উপস্থিতি দিয়ে ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তানজিম সাইয়ারা তটিনী। অভিনয়ের পাশাপাশি নান্দনিক সাজেও প্রায়ই নিজেকে মেলে ধরেন এই অভিনেত্রী। এবারও লাল শাড়িতে মায়াবী রূপে ধরা দিয়ে ভক্তদের চোখ জুড়িয়েছেন তটিনী—এ কথা বলাই যায়।

জনপ্রিয়