যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত: ইরানের দাবি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘যুদ্ধবাজ নীতি’র কারণে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দেশকেই অপূরণীয় ক্ষতির মুখে ফেলেছেন।
বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
লারিজানি দাবি করেন, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৫০০ মার্কিন সেনা নিহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, এই প্রাণহানি ট্রাম্পের বহুল প্রচারিত ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে চরম মিথ্যা ও প্রতারণা হিসেবে উন্মোচিত করেছে।
ট্রাম্পকে উদ্দেশ করে তিনি লেখেন, “মিস্টার ট্রাম্প, নেতানিয়াহুর ভাঁড়ামিতে প্রলুব্ধ হয়ে আপনি আমেরিকার জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধে ঠেলে দিয়েছেন। কয়েক দিনের ব্যবধানে ৫০০-র বেশি মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। এখন হিসাব করে দেখুন—আপনার কাছে ‘আমেরিকা ফার্স্ট’, নাকি ‘ইসরায়েল ফার্স্ট’?”
এদিকে, লারিজানি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, গত শনিবার (১ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির শাহাদাতের প্রতিশোধ নিতে তেহরান বড় ধরনের অভিযান অব্যাহত রাখবে।
তিনি বলেন, “এই প্রক্রিয়া চলতেই থাকবে। ইমাম খামেনির শাহাদাতের জন্য আপনাদের চড়া মূল্য দিতে হবে, ইনশাআল্লাহ।”



























