বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:৪০, ১৮ মার্চ ২০২৬

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার
ছবি: সংগৃহীত

ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরব-এ ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এই তথ্য নিশ্চিত করেছে।

চাঁদ দেখা না যাওয়ায় এ বছর সৌদি আরবে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। অর্থাৎ দেশটির মুসলমানরা ৩০টি রোজা পালন করার পর ঈদের আনন্দ উদযাপন করবেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠক করে এবং দেশের কোথাও শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত করে। ইসলামের ঐতিহ্য অনুযায়ী চাঁদ দেখার মাধ্যমেই নতুন মাস নির্ধারণ করা হয়। সেই নিয়ম অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটির ঘোষণা দেয়। সৌদি শ্রম আইন অনুযায়ী বুধবার (১৮ মার্চ) রাত থেকেই এই ছুটি শুরু হবে এবং তা টানা চার দিন পর্যন্ত চলবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানান, নিয়োগকর্তা ও কর্মীদের সুবিধার কথা বিবেচনা করে আগেভাগেই ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলো তাদের কাজের সময়সূচি গুছিয়ে নিতে পারবে এবং জরুরি খাতের কার্যক্রম চালু রেখেই কর্মীরা ঈদের আনন্দ ও ছুটি উপভোগ করতে পারবেন।

সূত্র: গালফ নিউজ