বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭, ১৮ মার্চ ২০২৬

আমারও বিরতি নিতে ইচ্ছে করে : শ্রেয়া ঘোষাল

আমারও বিরতি নিতে ইচ্ছে করে : শ্রেয়া ঘোষাল
ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই অরিজিৎ সিংয়ের প্লেব্যাক জগত থেকে সরে যাওয়ার খবর ভক্তদের জন্য ছিল এক বড় ধাক্কা। সেই চমকে ওঠার আবহ কাটতে না কাটতেই এবার একই ধরনের মন্তব্য করলেন সুরের সম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অরিজিতের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নিজেও সংগীতের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

শ্রেয়া বলেন, “মাঝে মাঝে আমারও বিরতি নেওয়ার ইচ্ছে হয়। অরিজিৎ অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি কখনও গান থেকে উপার্জন বা লাভের বিষয়কে গুরুত্ব দেন না। তার জন্য গান মানেই মানসিক শান্তি।”

অরিজিতের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি আরও যোগ করেন, “সংগীতের প্রতি যে গভীর মমতা, সেটাই শ্রোতাদের সঙ্গে তার যোগসূত্র তৈরি করে দেয়। গান তার কাছে সবকিছুর ঊর্ধ্বে। অরিজিতের এই সিদ্ধান্ত আমাকে ব্যক্তিগতভাবে খুবই অনুপ্রাণিত করেছে।”

শ্রেয়া ‘লিপ সিঙ্ক’ বা ঠোঁট মেলানোর প্রচলিত ধারার প্রতি নিজের বিরক্তি প্রকাশ করেছেন। তিনি জানালেন, যে দিন তাঁকে বাধ্য হয়ে এমন কিছু করতে হবে, সেদিনই গানকে বিদায় জানাবেন। এছাড়াও, ‘চিকনি চামেলি’-র মতো চটুল লিরিকের গান ভবিষ্যতে না গাওয়ারও দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন তিনি।

অরিজিত ও শ্রেয়া অসংখ্য সুপারহিট গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারের ক্লান্তি আর সমসাময়িক সঙ্গীত ভাবনার পরিবর্তন কি শ্রেয়াকেও অরিজিতের মতো দীর্ঘ বিরতির দিকে এগোতে বাধ্য করছে? সাম্প্রতিক এই মন্তব্যই সেই জল্পনাকে আরও তীব্র করেছে।