শুক্রবার ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৭, ১৪ আগস্ট ২০২৬

টানেলে কাজ করার সময় দুর্ঘটনা, ৭ শ্রমিক নিহত

টানেলে কাজ করার সময় দুর্ঘটনা, ৭ শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় টানেলে নির্মাণকাজ চলার সময় হঠাৎ পানি ঢুকে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন শ্রমিক টানেলের ভেতরে আটকা পড়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আটকা পড়া তিন শ্রমিককে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

চামোলির পিপলকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (টিএইচডিসি) একটি প্রকল্পের টানেলে প্রায় ২৮ জন শ্রমিক কাজ করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ টানেলের ভেতরে পানির প্রবল স্রোত ঢুকে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক পানির স্রোতে ভেসে যান।

চামোলির জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানান, টানেলে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

স্থানীয় সংসদ সদস্য লাখপত বুটোলা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, প্রশাসনের পুরো দল ঘটনাস্থলে রয়েছে। উদ্ধারকাজে নিয়োজিতদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এখন প্রধান অগ্রাধিকার।

এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, আহত শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল।

মুখ্যমন্ত্রী আরও জানান, এ ঘটনায় ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদেরও অবহিত করা হয়েছে। দুর্ঘটনায় ওই দুই রাজ্যের কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন বলে জানা গেছে।

আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা অভিযান চালাচ্ছেন।

এদিকে গত কয়েক দিন ধরে চামোলি জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর আগে সোমবার নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় সৃষ্ট প্রবল স্রোতে জেলার নীতি উপত্যকা এলাকার একটি সেতু ভেসে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাদামিশ্রিত পানির তীব্র স্রোত সেতুটিতে আঘাত হানার পর অল্প সময়ের মধ্যেই সেটি ভেসে যায়।

সূত্র: এনডিটিভি

জনপ্রিয়