শুক্রবার ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৬, ১৪ আগস্ট ২০২৬

বেলুচিস্তান

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা, আহত ৬ নিরাপত্তা কর্মী

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা, আহত ৬ নিরাপত্তা কর্মী
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গভের গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। তবে বন্দুকধারীদের এই গুলিবর্ষণের মুখেও সম্পূর্ণ অক্ষত ও নিরাপদে রয়েছেন মন্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, কালাত থেকে কোয়েটার উদ্দেশ্যে রওনা দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর বহর। পথিমধ্যে মস্তুংয়ের খাদকোচা গুরু এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা অজ্ঞাতপরিচয় সশস্ত্র বন্দুকধারীরা গাড়ি লক্ষ্য করে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।

পরিস্থিতি বুঝে মন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত রক্ষীরাও তৎক্ষণাৎ পাল্টা জবাব দেন, যার ফলে উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এই আকস্মিক সশস্ত্র সংঘর্ষে মন্ত্রীর বহরের ছয়জন নিরাপত্তা কর্মী গুরুতর আহত হন।

ঘটনার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে আহত নিরাপত্তা কর্মীদের উদ্ধার করে স্থানীয় শহীদ নবাব গৌস বখশ রাইসানি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলাকারী দুর্বৃত্তদের চিহ্নিত করতে এবং তাদের গ্রেপ্তারে পুরো এলাকায় তল্লাশি অভিযান ও তদন্ত শুরু হয়েছে।

সূত্র: সামা টিভি

জনপ্রিয়