ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের
ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬টি বিমান অভিযান চালানোর দাবি করেছে হুথি গোষ্ঠী।
বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হুথি নেতাদের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে গোষ্ঠীটির নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং সামরিক ও লজিস্টিক স্থাপনা লক্ষ্য করে সৌদি বিমান হামলা বাড়িয়েছে। তাদের দেওয়া হিসাব অনুযায়ী, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর-এই সাত দিনে ইয়েমেনে প্রায় ৩০০টি সৌদি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এসব সংখ্যার স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এর আগে ১৪ সেপ্টেম্বর হুথিরা দাবি করেছিল, সৌদি আরব ২৪ ঘণ্টায় ইয়েমেনের পশ্চিমাঞ্চলে ৫৪টি বিমান হামলা চালিয়েছে। ওই সময় হুথিরা সৌদি আরবের বিভিন্ন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছিল।
গত ১৬ সেপ্টেম্বর হুথি গোষ্ঠী একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করে। এ-সংক্রান্ত ভিডিও ও ছবি প্রকাশ করেছে তারা। এএফপি জানিয়েছে, হুথিরা যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ বলে দাবি করা একটি ছবি প্রকাশ করেছে; তবে ঘটনাটির স্বাধীনভাবে নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার পর কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এদিকে সৌদি আরবের পক্ষ থেকেও হুথিদের হামলার বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়ার কথা জানানো হয়েছে। ১৫ সেপ্টেম্বর সৌদি কর্তৃপক্ষ হুথিদের হামলার পর কঠোর প্রতিক্রিয়ার সতর্কবার্তা দিয়েছিল।
নতুন করে সংঘাত তীব্র হওয়ায় ইয়েমেনে মানবিক পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে ইয়েমেনে অন্তত ১ লাখ ১২ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
সৌদি বিমান হামলা ও হুথিদের পাল্টা হামলার পাশাপাশি বাব আল-মান্দেব ও লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি আরও কোন দিকে গড়ায়, সেদিকে নজর রাখছে সংশ্লিষ্ট দেশগুলো।



























