প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদে কোনো নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ নগর পরিকল্পনামন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এর মধ্য দিয়ে ৫০ বছর বয়সী এই আইনজীবী মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে মারাকেশের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের ফল প্রকাশের কয়েক দিন পরই তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো।
সাম্প্রতিক সংসদ নির্বাচনে ফাতিমা জাহরা এল মানসুরির দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সবচেয়ে বেশি আসন পেয়েছে। ৩৯৫ আসনের পার্লামেন্টে দলটি ৯৭টি আসন পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মানসুরিকে জোটসঙ্গীদের নিয়ে সরকার গঠন করতে হবে।
মরক্কোর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে আরব বিশ্বে সরকারপ্রধান হওয়া দ্বিতীয় নারী হলেন মানসুরি। এর আগে তিউনিসিয়ার নাজলা বাউডেন ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন সরকারের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে ২০৩০ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে বড় অঙ্কের বিনিয়োগ ও প্রস্তুতি তদারকি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মানুষের আয় বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি বাস্তবায়ন অন্যতম। মরক্কো ২০৩০ বিশ্বকাপ স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে।
মরক্কোর সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান নিয়োগের ক্ষমতা রাজার হাতে। তবে সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া রাজনৈতিক দলের প্রার্থীকেই সরকারপ্রধান হিসেবে নিয়োগ দিতে হয়। ২০১১ সালের আরব বসন্তের পর সংবিধান সংশোধনের মাধ্যমে এ বিধান কার্যকর করা হয়। এর আগে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাজার হাতে আরও বিস্তৃত ক্ষমতা ছিল।
ফাতিমা জাহরা এল মানসুরি পেশায় আইনজীবী। জাতীয় রাজনীতিতে আসার আগে তিনি মারাকেশের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি জাতীয় সরকারে যোগ দিয়ে জাতীয় ভূখণ্ড পরিকল্পনা, নগর উন্নয়ন, আবাসন ও নগরনীতি মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। এবার দেশের সরকারপ্রধান হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট



























