জাবির ভর্তি পরীক্ষায় কমল জিপিএর শর্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত কমানো হয়েছে। গত শিক্ষাবর্ষের তুলনায় এ বছর বিভিন্ন ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্মিলিত জিপিএর যোগ্যতা ১.০০ পয়েন্ট পর্যন্ত কমানো হয়েছে। একই সঙ্গে কয়েকটি ইউনিটে পৃথক পরীক্ষায় ন্যূনতম জিপিএর শর্তও শিথিল করা হয়েছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে A ইউনিটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সম্মিলিত জিপিএ ৮.৫০ এবং প্রতিটিতে আলাদাভাবে ন্যূনতম ৪.০০ থাকার শর্ত ছিল। চলতি শিক্ষাবর্ষে তা কমিয়ে সম্মিলিত জিপিএ ৭.৫০ এবং পৃথক পরীক্ষায় ৩.৫০ নির্ধারণ করা হয়েছে।
B ইউনিটে গত শিক্ষাবর্ষে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য সম্মিলিত জিপিএ ৮.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য শাখার জন্য ৭.৫০ নির্ধারিত ছিল। এ বছর উভয় ক্ষেত্রে তা কমিয়ে যথাক্রমে ৭.৫০ ও ৬.৫০ করা হয়েছে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পৃথক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ অপরিবর্তিত থাকলেও অন্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে তা ৩.৫০ থেকে কমিয়ে ৩.০০ করা হয়েছে।
C ইউনিটেও গত শিক্ষাবর্ষের তুলনায় জিপিএর শর্ত কমেছে। আগে বিজ্ঞান শাখার জন্য সম্মিলিত জিপিএ ৮.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য শাখার জন্য ৭.৫০ প্রয়োজন ছিল। এ বছর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য শাখার জন্য ৭.৫০ এবং মানবিক শাখার জন্য ৬.৫০ নির্ধারণ করা হয়েছে। পৃথক পরীক্ষায় ন্যূনতম জিপিএর শর্তও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩.৫০ থেকে ৩.০০ করা হয়েছে।
এ ছাড়া C1 ইউনিটে সম্মিলিত জিপিএ ৭.৫০ থেকে কমিয়ে ৬.৫০ এবং পৃথক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থেকে ৩.০০ করা হয়েছে। D ইউনিটে আগের ৯.০০-এর পরিবর্তে সম্মিলিত জিপিএ ৮.০০ এবং পৃথক পরীক্ষায় ৪.০০-এর পরিবর্তে ৩.৫০ নির্ধারণ করা হয়েছে।
E ইউনিটে গত শিক্ষাবর্ষে সব শাখার শিক্ষার্থীদের জন্য সম্মিলিত জিপিএ ৮.০০, মাধ্যমিকে ৪.০০ এবং উচ্চমাধ্যমিকে ৩.৫০ থাকার শর্ত ছিল। নতুন বিজ্ঞপ্তিতে বিজ্ঞান শাখার জন্য সম্মিলিত জিপিএ ৭.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য শাখার জন্য ৬.৫০ নির্ধারণ করা হয়েছে। পৃথক পরীক্ষায় ন্যূনতম জিপিএ যথাক্রমে ৩.৫০ ও ৩.০০ রাখা হয়েছে।
অন্যদিকে, আইবিএ-জেইউতে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য সম্মিলিত জিপিএ ৮.০০ থেকে কমিয়ে ৭.৫০ এবং পৃথক পরীক্ষায় ৩.৭৫ থেকে কমিয়ে ৩.৫০ করা হয়েছে। মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে সম্মিলিত জিপিএ ৭.৫০ থেকে কমিয়ে ৬.৫০ এবং পৃথক পরীক্ষায় ৩.৫০ থেকে ৩.০০ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে, চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সম্ভাব্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে।



























