মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৪, ১৬ নভেম্বর ২০২৬

ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভোমরা স্থলবন্দর ও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কেশবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

সাতক্ষীরা থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ৮ নভেম্বর মানিক তার দুই বন্ধুসহ চিকিৎসার কথা বলে ভারতে গিয়েছিলেন। অন্য দুই বন্ধু আগেই দেশে ফিরে এলেও সোমবার দুপুরে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্ত এলাকা থেকে মানিককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেশবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, “কাজী আজহারুল ইসলাম মানিকের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড ও সহিংসতার অভিযোগে কেশবপুর থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে।”

খোঁজ নিয়ে জানা যায়, মানিকের পরিবারে রয়েছে ভিন্ন রাজনৈতিক পরিচিতি। তার বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। অন্যদিকে তার বড় ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি।

পাঁচ ভাইয়ের মধ্যে মানিক চতুর্থ। স্থানীয় প্রশাসন ও পরিবার সূত্রের দাবি, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের দীর্ঘদিন ধরে যোগাযোগ বা সুসম্পর্ক নেই।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার মানিককে আদালতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়