মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৫১, ১৬ নভেম্বর ২০২৬

ড্রোন ও সাইবার যুদ্ধে সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের

ড্রোন ও সাইবার যুদ্ধে সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের
ছবিঃ সংগৃহীত

আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সিগন্যালস কোরকে ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিঅ্যান্ডএস) ‘কোর অব সিগন্যালস’-এর বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং সপ্তম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সিগন্যালস কোরকে আরও দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে কোরের সব সদস্যকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

সম্মেলন শেষে সেনাপ্রধান এসটিসিঅ্যান্ডএসে আয়োজিত আইসিটি ইনোভেশন ডিসপ্লে পরিদর্শন করেন। এ সময় সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবনী প্রকল্পগুলো ঘুরে দেখেন তিনি।

এ ছাড়া শহীদ ক্যাপ্টেন আব্দুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে কোরের পুনর্মিলনী কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে তিনি সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য এবং দেশের জন্য বিভিন্ন সময়ে রাখা অবদান ও অর্জনের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সিগন্যালস কোরের কর্নেল কমান্ড্যান্ট, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সিগন্যালস কোরের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়