মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানবপাচার আইনের মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে নিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এ আদেশ দেন।
এর আগে সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক রায়হানুর রহমান। শুনানিতে রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ফেনী জেলায় ৬টি এবং ঢাকা মহানগর এলাকায় ৫টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, ফেনীর তিনটি মামলার বিচার কার্যক্রম বর্তমানে চলমান। এসব মামলায় পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
ডিবির এই কর্মকর্তা বলেন, রাজধানীর পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচারসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগে মামলা রয়েছে।
এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।



























