মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪, ২৪ মার্চ ২০২৬

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শক্ত অবস্থান নিয়েছে লাল-সবুজের তরুণরা।

দলের জয়ের নায়ক যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান। জাতীয় দলের জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নজর কাড়েন তিনি। প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্সে দারুণ সম্ভাবনার ইঙ্গিত দিলেন এই তরুণ ফরোয়ার্ড।

ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিলেন দুই ভাই—রোনান সুলিভান ও ডেকলাইন সুলিভান। তবে শুরুর একাদশে জায়গা পান শুধু রোনান, আর সুযোগ পেয়ে নিজের দক্ষতা, গতি ও শৈল্পিক ফুটবলে মুগ্ধ করেন সবাইকে।

মঙ্গলবার মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি দলটি। ফিনিশিংয়ের অভাবেই এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। অন্যদিকে পাকিস্তান কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ধীরে ধীরে মাঝমাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় বাংলাদেশ।

প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হলেও দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। রোনান সুলিভানের জোড়া গোলে অবশেষে জয়ের হাসি ফোটে বাংলাদেশের মুখে। তার দুই গোলেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি।

এই জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

উল্লেখ্য, বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম অংশ নেয় ২০১৫ সালে। সেবার সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায় দলটি। এরপর অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ে মোট সাতবার অংশ নিয়ে একবার চ্যাম্পিয়ন (২০২৪) এবং চারবার রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।