খালাস চেয়ে জামায়াত নেতা আজহারের আপিল শুনানি ফের বৃহস্পতিবার
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ মে) আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ পরবর্তী শুনানির জন্য আগামী বৃহস্পতিবার, ৮ মে তারিখ নির্ধারণ করেছেন।
আদালতে আসামিপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন ও ব্যারিস্টার নাজিব মোমেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের জানুয়ারিতে আপিল করেন তিনি।
পরবর্তী শুনানিতে এ বিষয়ে বিস্তারিত যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।



























