শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:০৮, ১৩ মার্চ ২০২৬

পুলিশের ২৫২ ভুয়া রেশন কার্ড, ১১ জনের বিরুদ্ধে মামলা

পুলিশের ২৫২ ভুয়া রেশন কার্ড, ১১ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২ টি ভুয়া রেশন কার্ড তৈরি করে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে ৪ জন পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন-সাবেক মেস ম্যানেজার মো. আলাউদ্দিন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আরিফ মাহমুদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আল মামুন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. রেজাউল করিম, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) কাজী রাজিউল জামান, কনস্টেবল মো. আতিউর রহমান, কনস্টেবল মো. সাইফুল ইসলাম, কনস্টেবল মেহেদী হাসান, অফিস সহকারী মো. তৌফিক এলাহী, গুদামদার মো. জহির উদ্দিন এবং বিক্রয় সহকারী সৈয়দ জসিম উদ্দিন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পুলিশ রেশন সেন্টার, পুলিশ লাইন্স ঝালকাঠিতে ২০১৩ সাল থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ২৫২টি ভুয়া রেশন কার্ড সৃজন করে রেশন সামগ্রী উত্তোলনের মাধ্যমে মোট ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাৎ করা হয়েছে।

দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, অভিযুক্তরা সরকারি দায়িত্বে নিয়োজিত থেকে জাল-জালিয়াতির মাধ্যমে প্রতারণাপূর্ণভাবে রেশন সামগ্রী উত্তোলন করে অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়