বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় হবে ১২৫০ ডলার

এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় হবে ১২৫০ ডলার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সালিশি আদালতে (আইসিএসআইডি) এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের করা মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালাতে ব্রিটিশ একটি ল ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। এ আইনি লড়াইয়ে সংশ্লিষ্ট ল ফার্মকে ঘণ্টায় ১ হাজার ২৫০ মার্কিন ডলার ফি দিতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়। 

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দায়ের করা আরবিট্রেশন মামলা—আইসিএসআইডি কেস নম্বর এআরবি/২৫/৫২ পরিচালনার জন্য আন্তর্জাতিক ল ফার্ম নিয়োগ ও আইনি সেবা ক্রয়ের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। প্রস্তাবটি অনুমোদনের মাধ্যমে সরকারের পক্ষে আন্তর্জাতিক আদালতে মামলা পরিচালনার পথ সুগম হলো।

জানা যায়, গত বছরের অক্টোবরে ওয়াশিংটনে অবস্থিত আইসিএসআইডিতে এস আলম ও তার পরিবারের আইনজীবীরা আনুষ্ঠানিকভাবে সালিশি মামলার আবেদন করেন। আবেদনে তারা অভিযোগ করেন, অবৈধ অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ সরকার যে সম্পদ জব্দ, বাজেয়াপ্ত ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, তাতে তাদের শত শত কোটি ডলারের ক্ষতি হয়েছে।

সালিশি আবেদনে এস আলম পরিবার আরও দাবি করেছে, অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে তাদের লক্ষ্য করে ব্যাংক হিসাব জব্দ, সম্পদ বাজেয়াপ্ত, ব্যবসায়িক কার্যক্রমে ‘ভিত্তিহীন’ তদন্ত এবং ‘প্ররোচনামূলক মিডিয়া অভিযান’ পরিচালনা করছে। এসব পদক্ষেপ আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির পরিপন্থি বলেও তারা উল্লেখ করেছে।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আপনারা জানেন অর্থ পাচারের ব্যাপারে এস আলম বোধহয় একটা কেস করেছে লন্ডনে এবং চ্যালেঞ্জ করেছে ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটসে (আইসিএসআইডি)। ওদের লিগাল ফাইট করার জন্য আমরা একজন লিগাল লয়ারকে এঙ্গেজ করব। কারণ এটা বহু টাকার ব্যাপার। এটা ওরা আবার ওয়ার্ল্ড ব্যাংকের মতো অর্গানাইজেশন অভিযোগ করেছে।

কোন দেশের এবং কোন প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, নামটা আমার এই মুহূর্তে মনে নেই, তবে এটা একটা ব্রিটিশ ফার্ম।

সাংবাদিকদের আর এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, অর্থ পাচারের ব্যাপারে এস আলম’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা জানেন কোনো দেশের সরকার বা কোম্পানি ব্যবসা-বাণিজ্যে বাধা দিলে ওয়ার্ল্ড ব্যাংকের আইসিএসআইডি আরবিট্রেশন করে। আরবিট্রেশন আমাদের নোটিশ দিয়েছে। আরবিট্রেশন জবাব দিতে হবে আমাদের এবং এটা খুব কমপ্লিকেটেড, সহজ তো না।

সর্বশেষ